ইসলাম কেন শান্তির ধর্ম?
“ইসলাম শান্তির ধর্ম” : কেন ও কীভাবে ?
ইসলাম শান্তির ধর্ম’ কথাটি মুসলিম মাত্রেরই মনের কথা এবং অতি সত্য ও বাস্তব কথা। এটি প্রতিটি মানুষের সঠিকভাবে উপলব্ধি করা প্রয়োজন।
✅ ইসলামী দাওয়াতের শিরোনাম-বাক্য যদি হয় ‘আস্লিম তাস্লাম’ ‘ইসলাম কবুল কর নাজাত পাবে।’ তাহলে এই নাজাত প্রধানত আখিরাতের নাজাত। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আবির্ভাবের অন্যতম উদ্দেশ্য যদি হয়- ‘ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ’ (আমি এক কঠিন আযাবের পূর্বে তোমাদের হুঁশিয়ারকারী।) তাহলে এই আযাব প্রধানত আখিরাতের আযাব। সুতরাং ‘ইসলাম শান্তির ধর্ম’- কথাটির প্রধান মর্মবাণী আখিরাতের নাজাত ও শান্তি। অর্থাৎ ইসলাম ঐ ধর্ম যা আখিরাতের নাজাত ও শান্তির পথ প্রদর্শন করে। বরং একমাত্র ইসলামই ঐ ধর্ম যার মাধ্যমে আখিরাতে নাজাত পাওয়া যাবে।
✅ ইসলাম শব্দের অর্থই তো শান্তি। পবিত্র কোরআনের আল ইব্রাহিম সূরার ১৯ নম্বর আয়াতটি আপনি দেখতে পারেন, তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তায়ালা স্পষ্ট করে বলে দিয়েছেন, ‘আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম।’
ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি, শান্তি এর মধ্যেই রয়েছে। এ ছাড়া কোরআনে কারিমের আরো একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন, ‘তোমরা শান্তির মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো (সূরা আল বাকারা)।’ অর্থাৎ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখানে শান্তি শব্দ দিয়ে ইসলামকেই বোঝানো হয়েছে। কোরআনের বহু জায়গায় এ কথাটি ব্যবহার করা হয়েছে। অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তায়ালা শান্তির কথা উল্লেখ করেছেন। কারণ ইসলাম শান্তির ধর্ম, এটি প্রমাণিত সত্য বিষয়। এখানে দ্বিমত করার সামান্যতম সুযোগ নেই।

Comments
Post a Comment